জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত খলিলুর রহমান

আপডেট: জুন ০৩, ২০২৬ : ০৫:৩৫ এএম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৯৩ সদস্যরাষ্ট্রের ভোটে জয়ী হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন ৯১ ভোট।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি সদস্যরাষ্ট্রগুলোর আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। একই সঙ্গে বহুপাক্ষিক কূটনীতি, উন্নয়ন, শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেও দেখা হচ্ছে এই অর্জনকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এ নির্বাচনের জন্য হাতে খুব অল্প সময় ছিল। গত ২৭ ফেব্রুয়ারি ড. খলিলুর রহমানকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এরপর বিভিন্ন দেশের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ, দ্বিপক্ষীয় বৈঠক এবং বহুপাক্ষিক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমর্থন আদায়ে প্রচারণা চালানো হয়।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দেশ সাইপ্রাস ২০১৬ সালেই তাদের প্রার্থিতা ঘোষণা করেছিল এবং দীর্ঘদিন ধরে এ পদে নির্বাচিত হওয়ার জন্য প্রচারণা চালিয়ে আসছিল।

নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ কার্যকর বহুপাক্ষিকতা, জাতিসংঘ ব্যবস্থার সংস্কার, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংরক্ষণ, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং বৈশ্বিক দক্ষিণের কণ্ঠস্বরকে জোরালো করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরে।

গত ১৩ মে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক ইন্টারঅ্যাকটিভ সংলাপে ড. খলিলুর রহমান তাঁর ভিশন ও অগ্রাধিকার তুলে ধরেন। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী ওই সংলাপে সদস্যরাষ্ট্রগুলোর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। কূটনৈতিক মহলে তাঁর উপস্থাপনা প্রশংসিত হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা, বাংলাদেশের সমন্বিত প্রচারণা এবং সরকারের কৌশলগত উদ্যোগ এ বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সরকার এ সাফল্যের জন্য জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে জাতিসংঘ সনদের মূলনীতি, আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ ও ঐকমত্য গঠনের দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!