স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় আধুনিক প্রযুক্তিনির্ভর পরিবর্তন আনার কাজ চলছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার যেকোনো ধরনের অবৈধ ‘পুশ-ইন’ বা ‘পুশ-ব্যাক’-এর বিরোধী। সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, মামলার বিচারকাজ দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত দিনে গুরুত্বপূর্ণ সাক্ষ্য গ্রহণ হয়েছে। এখন পর্যন্ত অধিকাংশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবে রায় ঘোষণা ও পরবর্তী আইনি প্রক্রিয়া আদালতের এখতিয়ার।
আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রণালয়ের তদন্ত কার্যক্রমের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।
হাসপাতালে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় সুনির্দিষ্ট মামলা হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা ও যানবাহন চলাচল পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় ক্যামেরাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, পুলিশ, ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সমন্বয়ে এই প্রযুক্তি আরও উন্নত করা হচ্ছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকায় সফল বাস্তবায়নের পর এই প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা দেশের অন্যান্য বড় শহরেও সম্প্রসারণ করা হবে।
বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের আসন্ন বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি নিয়মিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, মাদক পাচার প্রতিরোধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হবে।
মন্ত্রিসভা পুনর্গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এটি প্রধানমন্ত্রীর সাংবিধানিক এখতিয়ারের বিষয়। এ বিষয়ে মন্তব্য করার সুযোগ অন্য কারও নেই।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!