জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান। পোস্টে তারেক রহমান বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন। এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে খলিলুর রহমান বহুপাক্ষিক কূটনীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ ও সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি বিশ্বাস করেন। নতুন দায়িত্ব পালনে তাঁর সর্বাঙ্গীণ সাফল্যও কামনা করেন প্রধানমন্ত্রী।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নির্বাচনে অংশ নেওয়া ১৯০টি সদস্য রাষ্ট্রের ভোটের মধ্যে তিনি পান ৯৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট।
আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক পর্ব শুরু হবে। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।
এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের কোনো প্রতিনিধি নির্বাচিত হলেন। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!