সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে কর্মক্ষম ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্রের। এ জন্য তাদের বিভিন্ন ধরনের কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তারা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন।
ডা. জাহিদ হোসেন বলেন, দেশজুড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজের পরিধি অনেক বিস্তৃত। তিনি দাবি করেন, অতীতে এ খাতে কার্যকর উদ্যোগের অভাবে অনেক জনগোষ্ঠী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় খাতে বিভিন্ন কর্মসূচির পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার অনুদান ৫০ হাজার টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
ডা. জাহিদ হোসেন বলেন, আগামী বছর প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এতিম শিশুদের শুধু আশ্রয় দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!