তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে গুণগত মান বজায় রাখা এবং সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিটি প্রকল্পের কাজ শতভাগ মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত সরকারি অর্থ যথাযথ ও স্বচ্ছভাবে ব্যয় হচ্ছে কি না, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
সভায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতির বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। এ সময় প্রকল্প পরিচালকেরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি, অগ্রগতি এবং বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করেন।
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকেরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!