জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি

আপডেট: জুন ০৪, ২০২৬ : ০৬:২৭ এএম
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ বুধবার দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি এই অর্জনকে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বর্তমান সরকার, দেশের কূটনীতিক, বিজয়ী প্রার্থী ড. খলিলুর রহমান এবং দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, এ সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা, কূটনৈতিক দক্ষতা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি দেশের অঙ্গীকারের স্বীকৃতি। একই সঙ্গে এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

মো. সাহাবুদ্দিন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা বাংলাদেশের প্রার্থীর প্রতি আস্থা ও সমর্থন জানিয়েছে। তিনি বলেন, এই সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের প্রতি বিশ্বাস ও আস্থার বহিঃপ্রকাশ।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বিশ্বশান্তি, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিকতাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, এ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা, গ্রহণযোগ্যতা ও প্রভাব আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশের জন্য নতুন সম্ভাবনা ও সহযোগিতার ক্ষেত্রও উন্মুক্ত হবে।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে জয়ী হয়ে ড. খলিলুর রহমান বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন এনে দিয়েছেন। দীর্ঘ কয়েক দশক পর এই মর্যাদাপূর্ণ পদে বাংলাদেশের একজন প্রতিনিধি নির্বাচিত হলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!