জাতীয়

জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের

আপডেট: জুন ০৫, ২০২৬ : ০৫:৪৮ এএম
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের

বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন ও সম্প্রসারণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী।

আজ বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে বাংলাদেশের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানির অন্যতম প্রধান ও নির্ভরযোগ্য উৎস। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

তিনি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যের সম্প্রসারণ, স্পট মার্কেটের ওপর নির্ভরতা কমানো, বিদ্যুৎ ও জ্বালানি গ্রিড আধুনিকীকরণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং স্বয়ংক্রিয় সাব-স্টেশন স্থাপনে সহযোগিতার বিষয়েও আলোচনা করেন। পাশাপাশি সমুদ্রবন্দরসংলগ্ন এলাকায় জ্বালানি বাঙ্কারিং সুবিধা গড়ে তোলার উদ্যোগের কথাও উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বাংলাদেশও নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে। বিশেষ করে সার কারখানা ও ভারী শিল্পে প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে গ্রিন হাইড্রোজেন ও গ্রিন অ্যামোনিয়া ব্যবহারের লক্ষ্যে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ রয়েছে।

জবাবে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে দেশটির আগ্রহের কথা জানান। তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে ইউএই বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী।

বৈঠকে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!