সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে পুলিশ কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ ‘ডিডিসি সন্ধানী’কে একটি আধুনিক ব্লাড স্টোরেজ রেফ্রিজারেটর ও চিকিৎসাসামগ্রী হস্তান্তর করে।
মন্ত্রী বলেন, নিরাপদ রক্ত সংরক্ষণ ও সরবরাহব্যবস্থা শক্তিশালী করা গেলে আরও বেশি মানুষের জীবন রক্ষা করা সম্ভব। থ্যালাসেমিয়া, ডেঙ্গু, দুর্ঘটনা ও জরুরি অস্ত্রোপচারের ক্ষেত্রে রক্তের সহজলভ্যতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রয়োজন। মাদকাসক্তি, জুয়া, নারী ও শিশু নির্যাতনের মতো বিষয়গুলোতে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, জরুরি মুহূর্তে রক্তের প্রাপ্যতা অনেক সময় জীবন-মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায়। নতুন এই রেফ্রিজারেটর রক্ত সংরক্ষণ ও সরবরাহব্যবস্থা আরও কার্যকর করতে সহায়তা করবে।
রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউর সভাপতি ডা. লুবনা শারমিন বলেন, মানবসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ক্লাবটি বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। নতুন এ উদ্যোগও রোগীদের উপকারে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিডিসি সন্ধানী দীর্ঘদিন ধরে রক্তদান কর্মসূচি, থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা এবং রক্ত সরবরাহ কার্যক্রম পরিচালনা করে আসছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন রেফ্রিজারেটর সংস্থাটির রক্ত সংরক্ষণের সক্ষমতা আরও বাড়াবে।
অনুষ্ঠানে চিকিৎসক, সমাজকর্মী, রোটারিয়ান এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!