সাধারণ মানুষকে স্বাবলম্বী করে তুলতে সরকার একটি স্বস্তিদায়ক বাজেট প্রণয়নের চেষ্টা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে এবং সীমিত সম্পদের মধ্যেও জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ হুইপ। এ সময় জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও মো. আখতারুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।
আসন্ন বাজেট অধিবেশন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সংসদে বিস্তারিত আলোচনা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই বাজেট পাস করা হবে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল রাখার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ে তদারকি জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
শিক্ষা খাত নিয়ে চিফ হুইপ বলেন, যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি বলেন, ডেঙ্গুসহ মৌসুমি রোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ, নতুন হাসপাতাল নির্মাণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
যোগাযোগ অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে চিফ হুইপ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন, পরিবহন টার্মিনাল নির্মাণ এবং বড় অবকাঠামো প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।
বিদ্যুৎ খাতের বিষয়ে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধির মধ্যেও সরকার ভর্তুকি অব্যাহত রেখেছে। বিদ্যুতের মূল্য সমন্বয় করা হলেও ৬৬ শতাংশ গ্রাহকের ওপর এর প্রভাব পড়বে না। একই সঙ্গে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বর্তমান মূল্য অপরিবর্তিত থাকবে।
আইন ও বিচার ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, বিচার প্রক্রিয়া আরও গতিশীল করতে সরকার কাজ করছে। শিশু নির্যাতনসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, আলোচিত রামিসা হত্যা মামলার রায় আগামীকাল রোববার ঘোষণা করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবিধান সংশোধন বিষয়ে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, সময়ের প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধনের নজির বিশ্বের বিভিন্ন দেশেই রয়েছে। তবে সংবিধানের মৌলিক কাঠামো ও মৌলিক অধিকার অক্ষুণ্ন রেখেই প্রয়োজনীয় সংস্কার সংসদীয় প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিরোধী দলসহ সব রাজনৈতিক পক্ষ গঠনমূলক ভূমিকা পালন করবে এবং যেকোনো সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!