জাতীয়

তিন দিনের সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: জুন ০৭, ২০২৬ : ০৫:০৪ এএম
তিন দিনের সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার সকালে তিনি মস্কোর উদ্দেশে রওনা হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন। আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে তাদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ–এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার প্রথম রাশিয়া সফর। এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ মস্কো। সেই ধারাবাহিকতায় ৭ থেকে ৯ জুন পর্যন্ত তার এই সফরের আয়োজন করা হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে সামনে রেখে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার অংশ হিসেবেও এ সফর গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক এবং আন্তর্জাতিক বিষয়ে দক্ষ ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা নিয়ে যখন বিভিন্ন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে, তখন আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে তার অভিজ্ঞতা ও সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলেও মন্তব্য করা হয়।

রাশিয়া আরও বলেছে, বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের দেশগুলোর স্বার্থ রক্ষা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গতি আনা, জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে জাতিসংঘের সমন্বয়মূলক ভূমিকা জোরদারের উদ্যোগকে তারা স্বাগত জানায়।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ঢাকা ও মস্কোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি এ সফরে গুরুত্ব পেতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!