দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থার জন্য জেট এ-১ (জেট ফুয়েল) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১৫ টাকা ৬৭ পয়সা এবং আন্তর্জাতিক রুটে ০ দশমিক ১০১৫ মার্কিন ডলার কমানো হয়েছে।
রোববার (৭ জুন) বিইআরসির জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অভ্যন্তরীণ উড়োজাহাজ সংস্থাগুলোর জন্য জেট এ-১ ফুয়েলের নতুন মূল্য লিটারপ্রতি ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে এ দাম ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক রুটে পরিচালিত এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার জানান, নতুন এই মূল্য ৭ জুন রাত ১২টা থেকে কার্যকর হবে। বিইআরসি জানিয়েছে, গত ২২ মে থেকে ৪ জুন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের গড় প্লাটস রেটের ভিত্তিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানি ব্যয় এবং ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হারও বিবেচনায় নেওয়া হয়েছে।
সংস্থাটি আরও জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর সংশ্লিষ্ট ধারার আওতায় রোববার গণশুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে আন্তর্জাতিক বাজারদর ও সংশ্লিষ্ট আর্থিক তথ্য পর্যালোচনার পর জুন মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়।
জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম কমে আসার প্রভাবেই দেশে এ মূল্য সমন্বয় করা হয়েছে। এতে বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় কিছুটা কমতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!