জাতীয়

বাংলাদেশ-নেদারল্যান্ডস সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত

আপডেট: জুন ১০, ২০২৬ : ০৫:৩৯ এএম
বাংলাদেশ-নেদারল্যান্ডস সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশ ও নেদারল্যান্ডস বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দুই দেশ এ বিষয়ে গুরুত্বারোপ করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaed Islam-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Boris van Bommel-এর সৌজন্য সাক্ষাৎকালে এ আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণ, বাণিজ্য ও বিনিয়োগ, শিল্প খাতের টেকসই উন্নয়ন, কৃষি এবং পানি ব্যবস্থাপনায় দেশটির অবদানের কথা উল্লেখ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ, প্রস্তাবিত বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অভিবাসন সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া দুই দেশের মধ্যে জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন দুই পক্ষ। উভয়েই দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য নেদারল্যান্ডসের অব্যাহত সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!