জাতীয়

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কর্মকর্তার ল্যাপটপ চুরি

আপডেট: জুন ১০, ২০২৬ : ০৫:৪১ এএম
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কর্মকর্তার ল্যাপটপ চুরি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি কক্ষ থেকে এক কর্মকর্তার ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে অবস্থিত মন্ত্রণালয়ের ১৬ তলায় এ ঘটনা ঘটে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিমের ব্যবহৃত এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ চুরি হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুপুরে ইমামুল হাফিজ নাদিম প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কক্ষে যান। কয়েক মিনিট পর নিজ কক্ষে ফিরে এসে তিনি টেবিলে রাখা ল্যাপটপটি খুঁজে পাননি।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য, ঘটনার সময় ভবনটিতে বিদ্যুৎ ছিল না। এ ছাড়া ওই এলাকায় লোকজনের চলাচলও ছিল। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও তল্লাশি চালানো হলেও ল্যাপটপটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পর বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণভাবে অনুসন্ধান শুরু হয়েছে। ল্যাপটপে গুরুত্বপূর্ণ দাপ্তরিক তথ্য ছিল কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

চুরির ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!