জাতীয়

প্রবাসীদের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট: জুন ১১, ২০২৬ : ০৪:৪৩ এএম
প্রবাসীদের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে ও বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রম মন্ত্রণালয়ের পর্যালোচনার ভিত্তিতে এ ধরনের একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে।

বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় স্থায়ী কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করলে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সেখানে আলোচনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিমানবন্দরসহ সব ক্ষেত্রে প্রবাসীদের সেবা নিশ্চিত করতে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শ্রম এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কার্যকর কমিটি গঠন করা যেতে পারে।

তিনি বলেন, অতীতের সরকার বিদেশে কর্মসংস্থান খাতকে ‘আদম ব্যবসা’ হিসেবে কলঙ্কিত করেছিল। মানবপাচার ও অর্থপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অপরাধে জড়িত ১০০ জনের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট সেবা সহজ করতে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান, অনলাইনে আবেদন ও ফি পরিশোধ, কল সেন্টার ও হেল্পলাইন চালু এবং বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, ই-পাসপোর্ট সুবিধা সম্প্রসারণের পাশাপাশি মোবাইল এনরোলমেন্ট কিটের মাধ্যমে বিদেশে আবেদন গ্রহণ করা হচ্ছে। আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পাসপোর্ট সরবরাহের উদ্যোগও নেওয়া হয়েছে।

মালয়েশিয়াসহ কয়েকটি দেশে পাসপোর্ট সেবা নিয়ে কিছু সমস্যা রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দ্রুত এসব সমস্যার সমাধানে কাজ করছে।

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশিদের প্রাণহানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকিপূর্ণ প্রচেষ্টায় বহু বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, যা দেশের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।

আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে। তিনি জানান, অবৈধ অভিবাসন রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে এবং প্রবাসীদের কল্যাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

প্রস্তাব উত্থাপনকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তিনি প্রবাসীদের ‘রেমিট্যান্স হিরো’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং তাদের সমস্যা তদারকির জন্য একটি টাস্কফোর্স গঠনের দাবি জানান।

দেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শুধু আর্থিক রেমিট্যান্স নয়, দেশের প্রয়োজন ‘মেধার রেমিট্যান্স’। মেধাবী শিক্ষার্থীদের দেশত্যাগ দীর্ঘমেয়াদে জাতির জন্য ক্ষতির কারণ হতে পারে।

আলোচনায় আরও অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং কয়েকজন সংসদ সদস্য।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!