জাতীয়

কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজে চীনা বিনিয়োগ চাইলেন ডেপুটি স্পিকার

আপডেট: জুন ১৩, ২০২৬ : ০৪:৫৫ এএম
কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজে চীনা বিনিয়োগ চাইলেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, অবকাঠামো ও কৃষি খাতে বাংলাদেশে চীনের বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শুক্রবার চীনের ইউনান প্রদেশে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম ও চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নিতে বর্তমানে চীন সফরে রয়েছেন ডেপুটি স্পিকার।

পরিদর্শনকালে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতার আরও বিস্তৃত সুযোগ রয়েছে। কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের জন্য আবাসন, ভাষা-সহায়তা, চিকিৎসা ব্যয় ও ভিসা প্রক্রিয়া সহজ করা হলে উন্নত চিকিৎসার জন্য আরও বেশি বাংলাদেশি সেখানে যেতে আগ্রহী হবেন। তিনি চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বানও জানান।

হাসপাতালটির কর্মকর্তারা বাংলাদেশ-চীন স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারের আশ্বাস দেন। একই সঙ্গে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা ও আবাসনসহ বিভিন্ন সুবিধা সহজ করার কথাও জানান তারা।

পরে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে বৈঠক করে। সেখানে কায়সার কামাল বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘদিন পর গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরের বিষয়টিও জানান।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে বাণিজ্য, অবকাঠামো, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও চামড়া প্রক্রিয়াজাতকরণ খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন, সংরক্ষিত নারী আসনের সদস্য জেসমিন সুলতানা জুঁই, বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজল আলমসহ দুই দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল কুনমিংয়ের ঐতিহ্যবাহী ‘পাওথাও’ গ্রামও পরিদর্শন করে। ঔষধি গাছ ও হারবাল চিকিৎসার জন্য পরিচিত এ গ্রামে শতাব্দীপ্রাচীন ভেষজ ঐতিহ্য সম্পর্কে অবহিত হন তারা।

দিনের শেষভাগে ডেপুটি স্পিকার চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) ও চায়না মিডিয়া গ্রুপকে সাক্ষাৎকার দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!