জাতীয়

জ্ঞানভিত্তিক প্রজন্ম গঠনে শিক্ষা কারিকুলাম পুনর্গঠনের কথা বললেন তথ্যমন্ত্রী

আপডেট: জুন ১৩, ২০২৬ : ০৪:৫৭ এএম
জ্ঞানভিত্তিক প্রজন্ম গঠনে শিক্ষা কারিকুলাম পুনর্গঠনের কথা বললেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য সামনে রেখে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে শিক্ষা কারিকুলাম পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার বরিশালের গৌরনদীতে আয়োজিত উপজেলা পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)–এর উদ্যোগে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়। জহির উদ্দিন স্বপন বলেন, শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজানোর চিন্তা করা হচ্ছে, যাতে বিজ্ঞানভিত্তিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের দক্ষতা পাঠ্যক্রমের অংশ হয়ে ওঠে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা বিপ্লব কুমার দেবনাথ, একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন এবং গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বাঁধন সাহা এবং আগৈলঝাড়া কলেজের শিক্ষার্থী জ্যোতি সোম।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ এবং উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!