গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৭০৫ জন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)–এর চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা–সংক্রান্ত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ৯ জুন স্বাক্ষরিত এ প্রতিবেদনটি ১১ জুন অনলাইনে প্রকাশ করা হয়। বিআরটিএ জানিয়েছে, বিভাগীয় অফিসগুলোর মাধ্যমে সারাদেশ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
বিভাগভিত্তিক চিত্র
প্রতিবেদন অনুযায়ী, মে মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৪৮টি দুর্ঘটনায় ১৫২ জন নিহত ও ২৮০ জন আহত হয়েছেন।
চট্টগ্রাম বিভাগে ১৪৪টি দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ১১৪ জন আহত হয়েছেন। রাজশাহী বিভাগে ৭০টি দুর্ঘটনায় ৭৭ জন নিহত ও ৩৮ জন আহত হন।
খুলনা বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন। বরিশাল বিভাগে ২৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
সিলেট বিভাগে ৩৩টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। রংপুর বিভাগে ৬৫টি দুর্ঘটনায় ৬৬ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে ৩১টি দুর্ঘটনায় ৪১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
যানবাহনভিত্তিক তথ্য
মে মাসের দুর্ঘটনায় মোট ৮৯০টি যানবাহন জড়িত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল ১৭৮টি, বাস ও মিনিবাস ১২১টি, ট্রাক ও কাভার্ডভ্যান ১৮৩টি, পিকআপ ৪৪টি, মাইক্রোবাস ১৮টি, মোটরকার বা জিপ ৩০টি, অ্যাম্বুলেন্স ৪টি, ভ্যান ২৮টি, ট্রাক্টর ১৪টি, ইজিবাইক ২৭টি, ব্যাটারিচালিত রিকশা ৪০টি, অটোরিকশা ৫৪টি এবং অন্যান্য যানবাহন ১৪৯টি।
যানবাহনভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়—১৫৯ জন। বাস ও মিনিবাস দুর্ঘটনায় ৫৪ জন, ট্রাক ও কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৮৫ জন এবং অটোরিকশা দুর্ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন।
এছাড়া পিকআপ দুর্ঘটনায় ৩০ জন, ব্যাটারিচালিত রিকশায় ৩৪ জন, ইজিবাইকে ১৭ জন, ভ্যানে ১৬ জন এবং অন্যান্য যানবাহন দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!