দেশের শেয়ারবাজারে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াওয়ার সাঈদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (১৩ জুন) অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ফজরের নামাজের সময় তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। প্রায় ছয় মাসের বেশি সময় ধরে উন্নত চিকিৎসার জন্য তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন। চিকিৎসকেরা জানান, রোগটি শেষ পর্যায়ে শনাক্ত হয়েছিল।
ইয়াওয়ার সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে তিনি দেশের সম্পদ ব্যবস্থাপনা ও শেয়ারবাজার খাতে একজন পরিচিত ও সম্মানিত পেশাজীবী হিসেবে পরিচিতি পান।
সততা, পেশাদারিত্ব ও নীতিনিষ্ঠ অবস্থানের কারণে তিনি সহকর্মী ও বিনিয়োগকারীদের কাছে সমানভাবে শ্রদ্ধার পাত্র ছিলেন।
২০২৪ সালের ১ সেপ্টেম্বর রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উচ্চপর্যায়ের অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠা ও অনিয়ম অনুসন্ধানে তার ভূমিকা প্রশংসিত হয়।
তার মৃত্যুতে শেয়ারবাজার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিত্ব শোক প্রকাশ করে তার কর্মজীবনের অবদান ও সততার কথা স্মরণ করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!