জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী দুই বছর এ পদে বহাল থাকবেন।
তবে প্রয়োজনবোধে সরকার মেয়াদ শেষ হওয়ার আগেই এ নিয়োগ বাতিল করতে পারবে। একই সঙ্গে চেয়ারম্যান নিজেও সরকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সরকারের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয়। তিনি বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তাঁর এ নিয়োগ অবৈতনিক হবে। জাতীয় মহিলা সংস্থা দেশের নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি এবং আর্থসামাজিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ সম্প্রসারণে কাজ করে থাকে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সংস্থার কার্যক্রম আরও গতিশীল হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!