মৌলভীবাজার সফরকালে বিএনপির প্রবীণ নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানীর বাসভবনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি খালেদা রাব্বানীর খোঁজখবর নেন এবং তাঁর শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
আজ বুধবার শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসভবনে যান প্রধানমন্ত্রী।
সফরসঙ্গী সূত্রে জানা যায়, সাক্ষাতের সময় খালেদা রাব্বানী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন। তিনি প্রধানমন্ত্রীকে বিভিন্ন পুরোনো ছবিও দেখান। এ সময় দুজনের মধ্যে কিছু সময় স্মৃতিচারণ ও আলাপচারিতা হয়।
প্রধানমন্ত্রী খালেদা রাব্বানীর চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খালেদা রাব্বানী বিএনপির কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। পরে অষ্টম জাতীয় সংসদেও সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!