বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য হারুন-অর-রশিদ মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
পরিবারের সদস্য ও দলীয় সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন হারুন-অর-রশিদ। কয়েক দিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
হারুন-অর-রশিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে দল ও ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।
রাজনীতিতে দীর্ঘ পথচলায় হারুন-অর-রশিদ জাতীয় সংসদের সদস্য হিসেবে একাধিকবার নির্বাচিত হন। তিনি সরকারের বিভিন্ন মেয়াদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
তাঁর মৃত্যুতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী, ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন।
পরিবার ও দলীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে নিজ এলাকায় নেওয়া হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!