জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

আপডেট: জুন ১৯, ২০২৬ : ০৪:২৯ এএম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬–২০২৭ অধিবেশনের সভাপতি পদে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান চীনের রাষ্ট্রদূত।

বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ও চীনের বিদ্যমান কৌশলগত সহযোগিতাকে আরও এগিয়ে নিতে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। ব্যবসা, শিক্ষা ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!