জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট: জুন ১৯, ২০২৬ : ০৪:৩২ এএম
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং কারিগরি শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। তিনি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার আগ্রহের কথাও তুলে ধরেন।

সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, বিনিয়োগ বাড়লে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা ও বিনিয়োগের ক্ষেত্রগুলোকে আরও সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!