জাতীয়

উন্নয়নের ধারাবাহিকতায় জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

আপডেট: জুন ১৯, ২০২৬ : ০৪:৩৬ এএম
উন্নয়নের ধারাবাহিকতায় জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা ও নগরপাড়া বালু সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের সব অঞ্চলে সমানভাবে উন্নয়নের সুফল পৌঁছে দিতে সরকার কাজ করছে। যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন মানুষের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আনবে।

তিনি দাবি করেন, অতীতে উন্নয়ন ও গণতন্ত্রের কথা বললে নানা বাধার মুখে পড়তে হতো। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করছে।

কায়েতপাড়া-নগরপাড়া এবং রূপগঞ্জ-ইছাপুরা সেতুর নির্মাণকাজের প্রসঙ্গে হাবিবুর রশিদ বলেন, সেতু দুটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। বিভিন্ন কারণে প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হলেও দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, সেতু দুটি চালু হলে এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। এতে সময় ও ব্যয় কমার পাশাপাশি কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, নগরপাড়া সেতু চালু হলে ঢাকা থেকে রূপগঞ্জ ও সিলেটমুখী যানবাহনের চলাচল আরও দ্রুত ও সহজ হবে।

অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ও অতিথিরা উপকারভোগীদের মধ্যে ভ্যান ও ছাগল বিতরণ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!