জাতীয়

গণমাধ্যম সংস্কারে সরকারের ভূমিকা হবে সহায়কের: তথ্যমন্ত্রী

আপডেট: জুন ১৯, ২০২৬ : ০৪:৩৯ এএম
গণমাধ্যম সংস্কারে সরকারের ভূমিকা হবে সহায়কের: তথ্যমন্ত্রী

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবল সহায়ক ও সমন্বয়কারীর ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং একটি স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নবিষয়ক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার অংশীজনকে এক মঞ্চে আনা সম্ভব হয়েছে। এর মাধ্যমে গণমাধ্যম সংস্কার ও স্বাধীন কমিশন গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘আজকের আয়োজন একটি উন্মুক্ত সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আলোচনার মাধ্যমে সবাই যদি একটি গ্রহণযোগ্য ও কার্যকর পথ খুঁজে বের করতে পারি, তাহলে এ উদ্যোগ সফল হবে। রাষ্ট্রের পক্ষ থেকে সরকার শুধু সহায়ক ও সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে।’

সরকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যম খাতও সেই সংস্কার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশকে আরও শক্তিশালী করতে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক গণমাধ্যমের প্রয়োজন রয়েছে। তিনি গণমাধ্যম কমিশনকে কার্যকর ও শক্তিশালী করতে সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ আহ্বান জানান।

মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সঞ্চালনায় কর্মশালায় সম্পাদক, সাংবাদিক নেতা, গণমাধ্যম মালিক, গবেষক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় জাতীয় গণমাধ্যম কমিশনের কাঠামো, দায়িত্ব, জবাবদিহি ও কার্যকারিতা নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

কর্মশালার মূল অধিবেশনে অংশগ্রহণকারীরা স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!