দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত মিডিয়া রিফর্মস কমিশনের প্রতিবেদনকে ভবিষ্যৎ সংস্কার কার্যক্রমের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনার বিষয়েও অংশীজনেরা একমত হয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নসংক্রান্ত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে স্পষ্ট ঐকমত্য তৈরি হয়েছে। তবে কমিশনের কাঠামো, দায়িত্ব, ক্ষমতা ও কার্যপরিধি কী হবে, সে বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে মতবিনিময় অব্যাহত থাকবে।
ডা. জাহেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে যে মিডিয়া রিফর্মস কমিশন গঠিত হয়েছিল, তার প্রতিবেদনের গুরুত্ব নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়েছে। অংশগ্রহণকারীরা ওই প্রতিবেদনকে ভবিষ্যৎ সংস্কার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার পক্ষে মত দিয়েছেন।
তিনি বলেন, ‘প্রতিবেদনটির সব সুপারিশ হুবহু গ্রহণ করা হবে, এমন নয়। তবে দীর্ঘ গবেষণা, পর্যালোচনা ও অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রস্তুত হওয়ায় এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে।’
তথ্য উপদেষ্টা আরও বলেন, গণমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক করার বিভিন্ন দিক নিয়েও কর্মশালায় আলোচনা হয়েছে। সাংবাদিক সংগঠন, সংবাদপত্র মালিক, সম্প্রচারমাধ্যমের প্রতিনিধি ও গণমাধ্যম বিশেষজ্ঞরা এ বিষয়ে নানা প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেছেন।
এর আগে সকালে অনুষ্ঠিত কর্মশালায় সম্পাদক পরিষদ, ন্যাশনাল এডিটরস কাউন্সিল, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব), টেলিভিশন এডিটরস কাউন্সিল, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালার সমাপনী পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!