জাতীয়

অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : সিডিএ চেয়ারম্যান

আপডেট: জুন ১৯, ২০২৬ : ০৪:৪৪ এএম
অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

তিনি বলেন, সিডিএকে দুর্নীতি, দখলদারিত্ব ও দীর্ঘদিনের স্থবিরতা থেকে মুক্ত করে একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। বৃহস্পতিবার দুপুরে নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে সকালে সিডিএ চেয়ারম্যান প্রবর্তক মোড়, হিজড়া খাল, কাপাসগোলা খাল, চাক্তাই খালসহ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাধীন বিভিন্ন খাল পরিদর্শন করেন। পরে তিনি কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক এবং শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ঘুরে দেখেন।

বেলায়েত হোসেন বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নে অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হয়েছে। বহুতল ভবনসহ বিভিন্ন বাধা দূর করে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড কাজ এগিয়ে নিচ্ছে। নগরের স্বার্থে প্রয়োজনে ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

তিনি জানান, প্রকল্পের আওতাধীন ৩৬টি খালের মধ্যে ৩০টির কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। বাকি পাঁচটি খালের কাজও প্রায় ৬৮ শতাংশ শেষ হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরো প্রকল্প শেষ করার লক্ষ্য রয়েছে।

প্রকল্পের সুফল ধরে রাখতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করে সিডিএ চেয়ারম্যান বলেন, খাল ও নালায় বর্জ্য ফেলা বন্ধ না হলে কোনো প্রকল্পই দীর্ঘমেয়াদে কার্যকর হবে না। শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রসঙ্গে তিনি বলেন, অনেক ব্যবহারকারী টোল না দিয়েই সড়কটি ব্যবহার করছেন, যা গ্রহণযোগ্য নয়।

এছাড়া কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক প্রসঙ্গে তিনি বলেন, নতুন এ সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

পরিদর্শনকালে সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক এবং সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মহসীনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!