নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীদের সক্ষমতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস–এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র সময়ে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি বর্তমান সরকারের অধীনে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন।
বৈঠকে সিমা বাহাউস নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচনে অভিনন্দন জানান।
ইউএন উইমেনের নির্বাহী পরিচালক বলেন, নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী সংস্থাটি।
এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী সদস্যদের অবদানেরও প্রশংসা করেন। শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক দায়িত্ব পালনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কর্মসূচিতে অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তাদের দ্রুত নিজ দেশ মিয়ানমার–এ ফিরিয়ে নেওয়ার জন্যও তিনি জোর দাবি জানান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!