তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতিমধ্যে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ইমাম, মোয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালু করেছে।
শুক্রবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে জিআর চাল, হতদরিদ্র পরিবারের মধ্যে ঢেউটিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। নান্দাইলেও কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ৩০ জন হতদরিদ্র মানুষের মধ্যে ঢেউটিন, ১০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার এবং উপজেলার ১৫টি প্রতিষ্ঠানের মধ্যে জিআর চাল বিতরণ করা হয়।
এর আগে প্রতিমন্ত্রী নান্দাইলে ‘ক্লাইমেট স্মার্ট’ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী, তিন দিনব্যাপী ফলমেলা-২০২৬ এবং কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পৌরসভার আমোদাবাদ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি বলেন, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে পারলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!