তিস্তা নদীকে কেন্দ্র করে প্রস্তাবিত মহাপরিকল্পনা শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিশেষজ্ঞদের কারিগরি মূল্যায়ন শেষে প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটিকে অগ্রাধিকারভিত্তিক উদ্যোগ হিসেবে বিবেচনায় নিয়েছেন। শুক্রবার রংপুরের কাউনিয়ায় তিস্তা সেতু এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, তিস্তাপারের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সরকার একটি বৃহৎ ও সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে। দেশীয় অর্থায়নের পাশাপাশি দেশি-বিদেশি কারিগরি সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে ‘তিস্তা মেগা প্রকল্প’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। পরিকল্পিত বাঁধ নির্মাণ, নদী ড্রেজিং এবং নদী ব্যবস্থাপনার মাধ্যমে তিস্তা অববাহিকার মানুষের জীবন ও সম্পদ সুরক্ষার ব্যবস্থা করা হবে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘তিস্তা শুধু উত্তরাঞ্চলের মানুষের দুঃখ নয়, এটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের কৃষি, অর্থনীতি ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষিভিত্তিক শিল্প ও উৎপাদন ব্যবস্থারও প্রসার ঘটবে।’
তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তাপারের মানুষের কাছে নদীভাঙন ও পানিসংকট নিরসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে একাধিক কমিটি গঠন করা হয়েছে এবং প্রকল্পের প্রাথমিক সমীক্ষার কাজও শেষ হয়েছে।
মন্ত্রী আরও জানান, নয় সদস্যের একটি বিশেষজ্ঞ প্রকৌশলী দল প্রকল্পের কারিগরি রূপরেখা চূড়ান্ত করার কাজ করছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্পটি শুধু নদীশাসন বা ভাঙন প্রতিরোধে সীমাবদ্ধ নয়। শুষ্ক মৌসুমে তিস্তায় পর্যাপ্ত পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে মন্ত্রী তিস্তা ব্যারাজ এলাকা এবং নদীভাঙনকবলিত কয়েকটি স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা প্রকল্প নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ও বিতর্ক ছড়ানো হচ্ছে। তবে তিস্তাপারের মানুষকে এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। ধৈর্য ও সহযোগিতা থাকলে এই উদ্যোগ সফল হবে এবং উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!