জাতীয়

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ শিশুদের বিকাশে বড় বিনিয়োগ : প্রধানমন্ত্রী

আপডেট: জুন ২০, ২০২৬ : ০৬:০৬ এএম
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ শিশুদের বিকাশে বড় বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যবিষয়ের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়া জরুরি।

আগামীকাল অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাখাতকে আধুনিকায়ন ও সময়োপযোগী করা হচ্ছে। এর অংশ হিসেবে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা হবে। এতে মাদকাসক্তি ও মোবাইল ফোন আসক্তির মতো সামাজিক সমস্যা মোকাবিলা সহজ হবে।

বাণীতে জানানো হয়, এবারের টুর্নামেন্টের নীতিমালা অনুযায়ী দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ ৪৮ হাজার শিক্ষার্থী (বালক ও বালিকা) অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ইতোমধ্যে সারা দেশে বালক ও বালিকা দল মিলিয়ে ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সমান সুযোগ নিয়ে বালক ও বালিকা দলের অংশগ্রহণ এ টুর্নামেন্টকে আরও অন্তর্ভুক্তিমূলক করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন থেকে উঠে আসবে আগামীর প্রতিভাবান খেলোয়াড়রা, যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে।

তিনি টুর্নামেন্টের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!