শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত দক্ষিণ এশীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিতব্য ‘দক্ষিণ এশিয়ায় শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়া’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
কলম্বোর বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান শ্রীলঙ্কায় বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামার্পণ বড়ুয়া।
সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিশু অধিকার সুরক্ষা, শিশু কল্যাণে টেকসই নীতিমালা প্রণয়ন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সম্মেলনে প্রতিমন্ত্রী বাংলাদেশের শিশু সুরক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় করবেন।
দুই দিনব্যাপী এ সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং শিশু অধিকারকর্মীরা অংশ নিচ্ছেন। তাদের আলোচনায় শিশুদের নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করার কৌশল এবং যৌথ উদ্যোগের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!