জাতীয়

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১ হাজার ৯৬৯টি: তথ্যমন্ত্রী

আপডেট: জুন ২৩, ২০২৬ : ০৪:৫৬ এএম
দেশে নিবন্ধিত গণমাধ্যম ১ হাজার ৯৬৯টি: তথ্যমন্ত্রী

দেশে বর্তমানে নিবন্ধিত গণমাধ্যমের সংখ্যা ১ হাজার ৯৬৯টি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ঢাকা-১৯ আসনের সরকারি দলের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের টেবিলে উপস্থাপিত প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী দেশের গণমাধ্যম খাতের হালনাগাদ পরিসংখ্যান তুলে ধরেন।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে মোট ৫৯টি টেলিভিশন চ্যানেল রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টি এবং বেসরকারি খাতে অনাপত্তিপ্রাপ্ত চ্যানেল রয়েছে ৫৫টি। তবে বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি টেলিভিশন চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

দৈনিক পত্রিকার বিষয়ে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে সারা দেশে ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার সংখ্যা ৫৯৩টি এবং দেশের অন্যান্য জেলা থেকে প্রকাশিত হচ্ছে ৮৪৩টি।

সংসদে দেওয়া তথ্যে মন্ত্রী আরও জানান, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা বর্তমানে ৪৭৪টি। এর মধ্যে সাধারণ অনলাইন নিউজ পোর্টাল রয়েছে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণভিত্তিক নিউজ পোর্টাল ১৩১টি এবং আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৬১টি।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম খাতের সুশৃঙ্খল বিকাশ এবং তথ্যপ্রবাহের মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত রেখেছে। দেশের গণমাধ্যমের পরিসর সম্প্রসারণের পাশাপাশি দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!