রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর নিজ জেলায় প্রথম সফর।
সফরের প্রথম দিন একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি। পরদিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর।
এ ছাড়া সফরে রাষ্ট্রপতি তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। কর্মসূচি শেষে আগামী ৭ সেপ্টেম্বর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে প্রস্তুতি শুরু হয়েছে। শহর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। রাষ্ট্রপতির সফরের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় মানুষের মধ্যে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতিও শুরু হয়েছে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, রাষ্ট্রপতি ঠাকুরগাঁও আসছেন—এ খবর ছড়িয়ে পড়ার পর তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। তাঁকে একনজর দেখার জন্য অনেকে অপেক্ষা করছেন।
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শহরের প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও সরকারি দপ্তরগুলোতে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এর অংশ হিসেবে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!