জাতীয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে প্রাণের সঞ্চার হবে: ভূমিমন্ত্রী

আপডেট: অক্টো ১৬, ২০২৬ : ০৪:৫৬ এএম ২ ০
প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে প্রাণের সঞ্চার হবে: ভূমিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে নগরবাসীর মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর মানুষ উচ্ছ্বসিত হবেন। শারদীয় দুর্গাপূজার সময়ে তাঁর এই সফর হিন্দুধর্মাবলম্বীদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

মো. মিজানুর রহমান মিনু বলেন, ‘এর আগে কোনো সরকারপ্রধান পূজার মধ্যে রাজশাহীতে আসেননি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন; এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী রাজশাহী ও এ অঞ্চলের মানুষকে অত্যন্ত ভালোবাসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও রাজশাহীর প্রতি বিশেষ ভালোবাসা ছিল।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ত্রুটি রাখা যাবে না। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হবে।

সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!