জাতীয়

দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার: ত্রাণমন্ত্রী

আপডেট: অক্টো ১৬, ২০২৬ : ০৫:০৬ এএম ৩ ০
দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার: ত্রাণমন্ত্রী

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্মীয় ভেদাভেদের কোনো স্থান নেই। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপনে সরকার সর্বাত্মক নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লালমনিরহাট কালেক্টরেট মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সরকারি সহায়তা হিসেবে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমাদের কোনো ভেদাভেদ নেই। যার যার ধর্ম সে ঠিকভাবে পালন করবে। এই সরকার তা বিশ্বাস করে। তাই সরকার সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নিরাপত্তা দেবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আগের সবকিছুকে ছাড়িয়ে এবার দুর্গাপূজা সবচেয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হবে।’

অনুষ্ঠানে লালমনিরহাট সদর উপজেলার ১৬২টি পূজামণ্ডপের প্রতিটির জন্য ৬০০ কেজি করে মোট ৯৭ হাজার ২০০ কেজি জিআর চাল বিতরণ করা হয়। এ ছাড়া লালমনিরহাট পৌরসভার ২৫টি মন্দিরে মোট ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

পাশাপাশি হতদরিদ্র মানুষের সহায়তায় প্রতিটি মন্দির থেকে ১০ জন করে ব্যক্তিকে ৩০ কেজি করে চাল ও বস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর লালমনিরহাট জেলায় ৪৭৯টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে এ সহায়তা কার্যক্রম নেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!