জাতীয়

দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট: অক্টো ১৮, ২০২৬ : ০৫:১৫ এএম ৩ ০
দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা সাত দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হওয়ার কথা রয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন।

তিনি জানান, ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

শাহিনুর ইসলাম শাহিন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে ২৩ অক্টোবর শুক্রবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা সাত দিন বন্ধ থাকবে পণ্য পরিবহন কার্যক্রম। আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি আবারও স্বাভাবিকভাবে শুরু হবে।

এদিকে, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা ওসি মো. জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!