জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ১৫–২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা

আপডেট: অক্টো ২০, ২০২৬ : ০৫:০৫ এএম ৩ ০
শাহজালাল বিমানবন্দরে ১৫–২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। বিশেষ করে ‘লাইভ ব্যাগেজ মনিটরিং’ ব্যবস্থা চালুর ফলে এখন ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পাচ্ছেন তাঁরা।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন শেষে যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

পরিদর্শনকালে মন্ত্রী অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের যাত্রা ও লাগেজ পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় যাত্রীরা ব্যাগেজ ব্যবস্থাপনায় উন্নতির কথা জানান এবং সেবার এ মান অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের গত সাত মাসের প্রচেষ্টায় বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নত হয়েছে। যাত্রীরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন বলে জানিয়েছেন। এ সেবায় তিনি সন্তুষ্ট হলেও ভবিষ্যতেও মান ধরে রাখার ওপর গুরুত্ব দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ বক্তব্য উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁর পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়িত হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল, যা ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

রিয়াদগামী ফ্লাইট চালুর বিষয়ে যা বললেন মন্ত্রী

সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট স্থগিত থাকার বিষয়ে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে পুনরায় ফ্লাইট চালু করা হবে।

যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় দেশটিতে সরাসরি ও ট্রানজিট রুটের কয়েকটি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেকে। বিশেষ করে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে না পারা প্রবাসী কর্মীরা সমস্যায় পড়েছেন।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!