জাতীয়

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট: অক্টো ২১, ২০২৬ : ০৫:১৮ এএম ২ ০
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মাধ্যমে দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী রায়সাহেব বাড়ি বারোয়ারি দুর্গামন্দির ও মিশন রোডে অবস্থিত রামকৃষ্ণ আশ্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিএনপি কথায় নয়, কাজের মাধ্যমে তাদের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটিয়েছে। কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রেখেই দলটি রাজনীতি করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে।

জাহিদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে কাজ করছেন উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য সরকার প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে।

পরিদর্শনকালে মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। মন্দির ও আশ্রমের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব নাগরিক যাতে স্বাচ্ছন্দ্যে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন তিনি। দেশের শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্যসচিব রেজাউর রহমান রেজা, রায়সাহেব বাড়ি মন্দিরের সভাপতি সুশীল চন্দ্র দাস এবং লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মনোজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!