জাতীয়

‘আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ’: স্পিকার

আপডেট: অক্টো ২২, ২০২৬ : ০৫:০১ এএম ৫ ০
‘আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ’: স্পিকার

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না।

গতকাল বুধবার ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় বসেছিল দেশের সম্পদ লুটপাট করার জন্য। দলটির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে লুটপাটের মাধ্যমে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট সরকারের একজন সাবেক প্রতিমন্ত্রীর বিদেশে দুই শতাধিক বাড়ি থাকার তথ্যও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

বিগত শাসনামলে নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন অন্যায়-অপরাধের প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, ২০০১ সালের নির্বাচনে এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তোফায়েল আহমেদ। তিনি পরাজিত হওয়ার পর শেখ হাসিনা ঢাকা থেকে একজন সন্ত্রাসীকে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করান বলে অভিযোগ করেন হাফিজ উদ্দিন আহমদ।

স্পিকার আরও বলেন, ওই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে লালমোহনে ৫০০ বিঘা জমি ও ঢাকায় একাধিক বাড়ি করেছিলেন। তবে ৫ আগস্টের পর এসব সম্পদ রেখে তিনি সপরিবারে পালিয়ে যান বলে দাবি করেন তিনি।

তজুমদ্দিনকে পৌরসভা করার আশ্বাস

নির্বাচনী এলাকার উন্নয়নের বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর করা হবে। এ ছাড়া এলাকার মানুষের বিনোদনের জন্য মেঘনার পাড়ে একটি পার্ক নির্মাণ করা হবে।

এ সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টু। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকেও স্পিকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এর আগে স্পিকার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!