দেশের উন্নয়নের প্রধান অন্তরায় মাদক বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘জুনিয়র ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সঠিক দিকনির্দেশনা ও উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে দেশের যুবসমাজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।
তিনি বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ ধারায় পরিচালিত করতে খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছেন। শিশু-কিশোর ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ‘নতুন কুঁড়ি’ ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন করা হয়েছে।
সন্তানদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরতে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতিও আহ্বান জানান তিনি।
কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নিলেন ১ হাজার ৬০০ প্রতিযোগী
দুই দিনব্যাপী জুনিয়র ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে ৫৯টি ইভেন্টে দেশের ৭৯টি দল থেকে প্রায় ১ হাজার ৬০০ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন মন্ত্রী।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহিদ পারভেজ চৌধুরী, সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি শাহাদজা আলম।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!