রাজনীতি

শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে সরকার: মাহ্দী আমিন

আপডেট: সেপ্টে ০৩, ২০২৬ : ০৫:১৫ এএম ৫৫ ০
শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে সরকার: মাহ্দী আমিন

শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা সনদের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁদের নিজস্ব পছন্দ, মেধা ও সৃজনশীলতা অনুযায়ী বিকশিত হওয়ার সুযোগ দিতে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে মেডেল, অভিনন্দনপত্র এবং ২ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়।

সংবর্ধিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চান, যেখানে শিক্ষার্থীরা শুধু পুঁথিগত জ্ঞানে সীমাবদ্ধ থাকবে না। তারা সৎ, যোগ্য, দক্ষ ও মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে।

শুধু সার্টিফিকেট অর্জনই সাফল্য নয়

শুধু সার্টিফিকেট অর্জনকে জীবনের একমাত্র সাফল্য হিসেবে না দেখার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সমাজসেবা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয় জরুরি। স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা এ ধরনের গুণাবলি অর্জনের সুযোগ পায়।

শিক্ষার্থীদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে মাহ্দী আমিন বলেন, সবাইকে ডাক্তার বা প্রকৌশলী হতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারও আগ্রহ যদি সামাজিক বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, খেলাধুলা, বিতর্ক কিংবা বিজ্ঞানচর্চায় থাকে, তাহলে সে যে ক্ষেত্রে নিজের মেধার পূর্ণ বিকাশ ঘটাতে চায়, সরকার তাকে সেই সুযোগ ও পৃষ্ঠপোষকতা দেবে।

‘সাফল্যের শুরু মাত্র’

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে মাহ্দী আমিন বলেন, প্রায় দুই দশক আগে শিক্ষার্থী থাকা অবস্থায় পাবলিক পরীক্ষায় মেধার স্বীকৃতি হিসেবে তিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছ থেকেই পুরস্কার গ্রহণ করেছিলেন।

সংবর্ধিত স্কাউটদের আগামীর বাংলাদেশের মূল কাণ্ডারি উল্লেখ করে তিনি বলেন, আজকের সাফল্য কোনো সমাপ্তি নয়; বরং বড় লক্ষ্য অর্জনের প্রাথমিক ধাপ। জীবনে সাফল্য বা ব্যর্থতা যা-ই আসুক, হতাশ না হয়ে সততা, পরিশ্রম, শৃঙ্খলা ও দেশপ্রেমকে পাথেয় করে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!