রাজধানী

মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ল

আপডেট: জুন ০৮, ২০২৬ : ০৫:০৫ এএম ১০
মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ল

যাত্রীদের সুবিধা বিবেচনায় রাজধানীর মেট্রোরেলের রাতের চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানো হয়েছে। রোববার (৭ জুন) রাত থেকেই নতুন সময়সূচি কার্যকর হয়েছে বলে জানা গেছে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।

এর আগে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ত রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। ফলে দুই প্রান্তেই যাত্রীসেবা শেষ হওয়ার সময় ২০ মিনিট করে বাড়ল।

তবে এই অতিরিক্ত সময়ে আলাদা কোনো নতুন ট্রেন চালু করা হচ্ছে না। বিদ্যমান সময়সূচির ধারাবাহিকতায় একটি ট্রেনই শেষ ট্রিপ হিসেবে উভয় প্রান্ত থেকে চলাচল করবে।

ডিএমটিসিএল সূত্র জানায়, নতুন সময়সূচি ইতোমধ্যে তাদের ওয়েবসাইটে হালনাগাদ করা হয়েছে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এখনো জানানো হয়নি।

বর্তমানে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে।

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ ২০২২ সালের ২৮ ডিসেম্বর চালু হয়। পরে ধাপে ধাপে বিভিন্ন স্টেশন যুক্ত হয়ে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পুরো রুটে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!