রাজধানী

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

আপডেট: জুন ২২, ২০২৬ : ০৫:১১ এএম
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ২৩ জুন ঘিরে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

রোববার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নগরীতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি রোধে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজধানীর ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি পিকেট ও চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি নগরীর প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে।

নিয়াজ মেহেদী আরও জানান, নিরাপত্তা ব্যবস্থায় নিয়মিত পুলিশের পাশাপাশি ডিএমপির বিশেষ ইউনিট ডিবি ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সক্রিয় থাকবে। সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অন্যান্য গোয়েন্দা সংস্থাও মাঠে কাজ করবে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া চারটি প্রধান কন্ট্রোল রুমে পর্যাপ্ত ফোর্স রিজার্ভ থাকবে। নিরাপত্তা কার্যক্রম তদারকিতে ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।

এদিকে চলতি মাসের শুরু থেকে ২০ জুন পর্যন্ত রাজধানীতে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় বিপুল সংখ্যক আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে রাজনৈতিক মামলায় ৮২ জন, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮ জন, চুরি মামলায় ১২১ জন, দস্যুতার ঘটনায় ১১৩ জন এবং ডাকাতির ঘটনায় ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া চাঁদাবাজির অভিযোগে জুন মাসে এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে চারজন তালিকাভুক্ত চাঁদাবাজ রয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!