রাজধানী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার

আপডেট: জুন ২৩, ২০২৬ : ০৫:২৫ এএম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে–কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে রাজধানীর গুলিস্তান, প্রেসক্লাব, শাহবাগ, মতিঝিল, ফার্মগেট, পান্থপথ ও ধানমন্ডি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা যায়। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জনসমাগম হতে পারে এমন এলাকাগুলোকে বিশেষভাবে চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসব এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি ডিবি, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অন্যান্য বিশেষ ইউনিটও দায়িত্ব পালন করছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, “যেসব এলাকায় জনসমাগমের আশঙ্কা রয়েছে সেখানে সকাল থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

এদিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, রাজনৈতিক কর্মসূচি এবং চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা যাতে না ঘটে, সে জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরও বলেন, রাজধানীসহ আশপাশের জেলাগুলোতেও সমন্বিতভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগরসহ কয়েকটি জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কর্মকর্তারা ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করছেন।

পুলিশ জানিয়েছে, রাজধানীতে ১৮ হাজারের বেশি সদস্য নিরাপত্তা দায়িত্বে রয়েছে। পাশাপাশি ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। শহরের প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থায় ডিএমপির পাশাপাশি র‌্যাব, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সমন্বিতভাবে কাজ করছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!