পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামীকাল রোববার থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও পাঠদান শুরু হচ্ছে। টানা ১৬ দিনের ছুটি শেষে শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি শেষ হওয়ার পর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় প্রতিষ্ঠানগুলো ৭ জুন থেকে পুনরায় খুলছে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ কাটিয়েছে। ২১ মে ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শেষ কার্যদিবস। এরপর সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা কার্যত ২২ মে থেকেই ছুটির আমেজে ছিল।
তবে মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসায় ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে।
ফলে মাদরাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে।
এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী, জুন মাসের পর আগামী উল্লেখযোগ্য ছুটি শুরু হবে জুলাইয়ে। ২৯ জুলাই আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি রয়েছে। এছাড়া ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।
দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আবারও শিক্ষা কার্যক্রমে স্বাভাবিক ছন্দ ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!