শিক্ষা

মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ ৫৭ হাজার কোটি টাকার বেশি

আপডেট: জুন ১২, ২০২৬ : ০৪:৪৩ এএম
মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ ৫৭ হাজার কোটি টাকার বেশি

দেশকে দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর এবং কর্মসংস্থানমুখী মানবসম্পদ গড়ে তুলতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এ খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শিক্ষা খাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করেন। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে রাখা হয়েছে।

বাজেট নথি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য প্রস্তাবিত ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার মধ্যে পরিচালন ব্যয়ে ৩২ হাজার ৮৬৭ কোটি ২৪ লাখ এবং উন্নয়ন ব্যয়ে ২৪ হাজার ৪৩৪ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বিভাগের জন্য বরাদ্দ ছিল ৪১ হাজার ৭৫৩ কোটি ৯৫ লাখ টাকা।

শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে বেশ কয়েকটি নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার নতুন মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ১০০টি বিদ্যালয়ে ব্লেন্ডেড ল্যাব স্থাপন এবং ল্যাব সুপারভাইজর নিয়োগ।

এ ছাড়া নতুন শিক্ষাক্রমের আওতায় বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষার জন্য পূর্ণাঙ্গ কারিকুলাম প্রণয়ন, পাঁচটি ভাষা শিক্ষা প্রশিক্ষণ মডিউল ও রিসোর্স পুল তৈরি এবং দেশব্যাপী ৫০০টি আধুনিক ভাষা ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৪ হাজার নতুন ভবন নির্মাণ এবং অনগ্রসর এলাকায় ৫০০টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ১ হাজার ৪৮৫টি টয়লেট নির্মাণ ও ১ হাজার ভেন্ডিং মেশিন স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।

চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২১৮টি একাডেমিক ভবন, ২১টি প্রশাসনিক ভবন, ৩৮টি বহুমুখী ভবন এবং ৬০টি আবাসিক হল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!