দেশের প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে— এমন দাবি করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদকে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে ‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’ শিরোনামে প্রকাশিত সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। তবে মন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট অনুষ্ঠানে মন্ত্রী মূলত বলেছেন, সংসদ সদস্যরা সাধারণত তাঁদের এলাকায় উচ্চবিদ্যালয়, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন; কিন্তু প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে খুব কমই সুপারিশ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই অনুষ্ঠানে মন্ত্রী দেশের প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন। তবে প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো পরিকল্পনার কথা তিনি বলেননি।
এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সঠিক তথ্য প্রচারে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!