দেশের মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানে দীর্ঘদিনের জটিলতা দ্রুত নিরসনের আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, নতুন করে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থা চালু হলে বেতন পরিশোধে বিলম্বের সমস্যা স্থায়ীভাবে দূর হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট’ প্রকল্পে ইএফটি কার্যক্রম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরাসরি ব্যাংক হিসাবে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।
জাতীয় সংসদে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমীন মাদ্রাসা শিক্ষকদের বেতন বিলম্বের বিষয়টি উত্থাপন করার পর শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাখ্যা দেয়। সংসদে তিনি বলেন, জুন মাসের মাঝামাঝি সময়েও অনেক শিক্ষক বেতন পাননি, যার ফলে তারা নানা ভোগান্তিতে পড়ছেন।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০১৭ সালে ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম’ প্রকল্প অনুমোদিত হলেও সে সময় স্বয়ংক্রিয় ইএফটি ব্যবস্থা প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছিল। ফলে বেতন-ভাতা পরিশোধের প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল না হওয়ায় নানা জটিলতা তৈরি হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৯ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ইএফটি কার্যক্রম যুক্ত করে প্রকল্পটির তৃতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ কোটি টাকা।
বর্তমানে দেশের মাত্র আটটি মাদ্রাসায় পরীক্ষামূলকভাবে ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে। অন্য সব প্রতিষ্ঠানে এখনো ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করায় প্রতি মাসে বেতন প্রদানে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, নতুন ব্যবস্থা চালু হলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো পরিশোধ নিশ্চিত করা সম্ভব হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!