শিক্ষা

কিউএস র‌্যাঙ্কিংয়ে আবারও দেশের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

আপডেট: জুন ১৯, ২০২৬ : ০৪:২৭ এএম
কিউএস র‌্যাঙ্কিংয়ে আবারও দেশের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কিউএস (কোয়াককোয়ারেলি সায়মন্ডস) প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭’-এ আবারও দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যেও জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এবারের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে কিউএস। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিকীকরণ, কর্মসংস্থানসহ বিভিন্ন সূচকে মূল্যায়ন করে চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ২৮ দশমিক ৩। একাডেমিক সুনাম সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোরও ২৮ দশমিক ৩, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

কর্মসংস্থান ফলাফল সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৫ স্কোর অর্জন করেছে, যা স্নাতকদের কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা ও সাফল্যের প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে। নিয়োগদাতাদের দৃষ্টিতে সুনাম সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর ৫০ দশমিক ৮।

গবেষণা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রেও ইতিবাচক অবস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক সূচকে প্রতিষ্ঠানটির স্কোর ৬১ দশমিক ১ এবং টেকসই উন্নয়ন সূচকে ৬০ দশমিক ৬।

তবে কিছু সূচকে উন্নতির সুযোগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শিক্ষকপ্রতি গবেষণা উদ্ধৃতি (সাইটেশনস পার ফ্যাকাল্টি) এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর ৮। অন্যদিকে আন্তর্জাতিক শিক্ষক অনুপাত সূচকে ২ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত সূচকে ১ দশমিক ৪ স্কোর অর্জিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এবারের অর্জন শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। একই সঙ্গে আন্তর্জাতিকীকরণ ও গবেষণা সক্ষমতা আরও জোরদারের প্রয়োজনীয়তাও এ ফলাফল তুলে ধরেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!